জনসেবার প্রত্যয়ে রামকান্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান শাহিন মিয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার ১নং রামকান্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শিক্ষানবিশ আইনজীবী শাহিন মিয়া। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সালথা গ্রামের মৃত আ. সালাম মিয়া ও বেগম চৌধুরী দম্পতির কনিষ্ঠ পুত্র।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের একপর্যায়ে তিনি এ অভিপ্রায়ের কথা জানান।
শাহিন মিয়া বলেন, সুযোগ পেলে রামকান্তপুর ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস ও সুদমুক্ত আদর্শ ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন। বিশেষ করে যুব সমাজকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। ইউনিয়নের তরুণদের কম্পিউটার, ফ্রিল্যান্সিং, ড্রাইভিং, ইলেকট্রিক ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের আওতায় এনে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। যাতে তারা নিজ এলাকায় থেকেই আয় করতে পারে।
এছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুব সমাজকে সম্পৃক্ত রাখতে নিয়মিত টুর্নামেন্ট ও সামাজিক আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং যুব উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
শাহিন মিয়া আরও বলেন, ইউনিয়নকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। দুর্যোগ মোকাবিলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে স্বেচ্ছাসেবী যুব টিম গঠনের পরিকল্পনাও রয়েছে। যুব সমাজের মতামতকে গুরুত্ব দিয়ে একটি উন্নত, নিরাপদ ও সম্ভাবনাময় ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
প্রবীণ ও বয়স্ক মানুষদের নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বয়স্কদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে। বয়স্ক ভাতা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে। অসহায় ও অসুস্থ প্রবীণদের চিকিৎসা সহায়তা সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শকে মূল্যায়ন করে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি একাকী ও অবহেলিত বয়স্কদের খোঁজখবর নেওয়া এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করবেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, শাহিন মিয়া সালথা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ফরিদপুর সদরের রনকাইল হাই স্কুল থেকে এসএসসি, ফরিদপুর সিটি কলেজ থেকে এইচএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বিএসএস ও এমএ ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার প্রতি আগ্রহ থেকে তিনি ফরিদপুর আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ, ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ফরিদপুর জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, শাহিন মিয়া ছোটবেলা থেকেই পরোপকারী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন তিনি। করোনাকালীন সময়ে বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সহায়তা করেছেন।
তিনি আরও বলেন, শাহিন মিয়ার মতো একজন উচ্চশিক্ষিত ব্যক্তি সমাজসেবায় এগিয়ে এলে এলাকার উন্নয়ন হবে। একজন শিক্ষিত জনপ্রতিনিধি সমাজের জন্য সম্পদ।
চায়ের দোকানদার মো. হান্নান মোল্যা বলেন, শাহিন মিয়া ও তার পরিবারের সবাই শিক্ষিত। তিনি বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তার জন্য আমাদের দোয়া ও সমর্থন থাকবে।
শাহিন মিয়া বলেন, রামকান্তপুর ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর কথা মাথায় রেখে আমি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থন পাচ্ছি। আমার কর্মজীবনের পাশাপাশি ইউনিয়নের মানুষের খোঁজখবর নিচ্ছি নিয়মিত। একটি সুন্দর, মানবিক ও আদর্শ ইউনিয়ন গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ