নওগাঁর আত্রাইয়ে ‘কৃষক সমৃদ্ধি’ স্লোগানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 18, 2026 - 17:46
May 18, 2026 - 17:46
নওগাঁর আত্রাইয়ে ‘কৃষক সমৃদ্ধি’ স্লোগানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস

‘কৃষক সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’। ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ব্যাংক ও ইফাদের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। 

উপজেলা কৃষি অফিসার জনাব প্রসেনজিৎ তালুকদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই কংগ্রেসের লক্ষ্য ছিল আধুনিক ও পুষ্টিসম্মত কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের উদ্বুদ্ধ করা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হলো কৃষি। প্রযুক্তিনির্ভর আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থা এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাত সম্পর্কে জ্ঞান লাভ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।”

তিনি আরও বলেন, “আত্রাই ও রাণীনগর অঞ্চলের উর্বর মাটি ও কৃষকদের কঠোর পরিশ্রম দেশের খাদ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। কৃষিকে একটি লাভজনক পেশায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এই কংগ্রেসের মাধ্যমে কৃষি কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কৃষকদের মধ্যে যে মেলবন্ধন তৈরি হলো, তা এই অঞ্চলের কৃষি বিপ্লবকে আরও বেগবান করবে।”

উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, “এই প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা প্রদান করবে। সরকারের এই মহতি উদ্যোগের সুফল যেন প্রকৃত কৃষকদের দোরগোড়ায় পৌঁছায়, তা আমরা নিশ্চিত করব।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুধীজন এবং উপজেলার বিপুল সংখ্যক আদর্শ কৃষক-কৃষাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow