শিগগিরই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া: মির্জা ফখরুল
প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুতই দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (চট্টগ্রাম-১৬) জহিরুল ইসলাম তাঁর প্রশ্নে জানতে চান— দেশে দীর্ঘদিন ধরে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে স্থানীয় সরকার পরিচালিত হওয়ায় জন-আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। এই অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন কখন অনুষ্ঠিত হবে?
জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, "প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।"
এরপর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন রাখেন, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে স্থানীয় সরকার পরিচালনার জন্য সব পর্যায়ের নির্বাচন দ্রুত আয়োজনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না?
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময়ের প্রয়োজন হয়। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয়। তফসিল ঘোষণার প্রাক-প্রস্তুতি হিসেবেই ন্যূনতম ৪৫ দিন সময় প্রয়োজন।"
সংসদে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী বিএনপির (পাবনা-৫) সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে জানান, আগামীতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। নির্বাচন কমিশন ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী জানান, জুলাই ২০১৮ থেকে জুন ২০২৪ মেয়াদে ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেড় লাখ ইভিএম কেনা হয়েছিল। প্রকল্পটি শেষ হলেও বাস্তবায়ন মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এছাড়া, অডিট অধিদপ্তরের তোলা আপত্তিও নিষ্পত্তি হয়নি এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলমান রয়েছে। বর্তমানে ইভিএমগুলো বিভিন্ন গুদাম, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ও নির্বাচন কমিশন সচিবালয়ের বেসমেন্টে সংরক্ষিত রয়েছে।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন 'ফরিদপুর' ও 'কুমিল্লা' নামে দুটি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছিল। বর্তমান ঢাকা বিভাগের ৫টি জেলা— ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুরকে নিয়ে ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) আসন্ন বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ