এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোণায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হাতেনাতে আটক হওয়া চার মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তাদের স্বজন ও সহযোগীরা। তবে পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ তিন নারী মাদক কারবারিকে আটক করে।
সোমবার রাতে নেত্রকোণা মডেল থানার রাজেন্দ্রপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় ওই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আল আমিন (৩২), মো. রাসেল (২৮), মো. বাবুল মিয়া (৪৮) ও মো. মুবিন (২৮) নামের চার মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ।
কিন্তু আটকের পরপরই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিদের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে ধস্তাধস্তি করে পুলিশের হেফাজত থেকে ওই চার আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলার পরপরই দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুলিশ তিন নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন— টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সানিয়া আক্তার (২৫)।
পরে আটককৃত এই তিন নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় আরও ৪০০ পিস ইয়াবা, নগদ ৪৬ হাজার ৭৮৫ টাকা, দুটি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন (১২টি বাটন ও ১টি স্মার্টফোন) এবং মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পাশাপাশি হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ নিশ্চিত করেছে যে, পলাতক ও আটককৃত আসামিরা সবাই একই পরিবারের সদস্য। তারা দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে নেত্রকোণা ও এর আশপাশের জেলাগুলোতে ইয়াবার সিন্ডিকেট চালিয়ে আসছিল। মাদক সংগ্রহ থেকে শুরু করে খুচরা বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে তারা পরিবারের সদস্যদেরই ব্যবহার করত।
নেত্রকোণা মডেল থানা পুলিশ জানিয়েছে, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাই হওয়া পলাতক চার আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম এরই মধ্যে চিরুনি অভিযান শুরু করেছে।
একই পরিবারের এমন বিশাল মাদক সাম্রাজ্য এবং পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গোটা জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই আপোষহীন লড়াই ও অভিযান অব্যাহত থাকবে।
মার্চ ১২, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।