জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের পৃথক কমিটির ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে সরকার ও বিরোধী দল। এই সংকট নিরসনে কার্যকর সুপারিশ তৈরির লক্ষ্যে সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে মোট ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই কমিটির কথা ঘোষণা করেন। গতকাল বুধবার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দেওয়া এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি দল এমন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিরোধীদলীয় নেতা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের সঙ্গে মিলে কাজ করার প্রস্তাব দিয়েছেন। বিএনপি সবসময়ই দেশের ও মানুষের স্বার্থে যেকোনো গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের নাম চূড়ান্ত করেছি।"
প্রধানমন্ত্রী ঘোষিত সরকারি দলের ৫ সদস্য হলেন—জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (কমিটির সভাপতি), জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মঈনুল ইসলাম খান এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে দ্রুত বাকি ৫ জনের নাম দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, "কমিটির মাধ্যমে বাস্তবসম্মত কোনো পরামর্শ এলে সরকার তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে।"
প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, "বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা আশা করি, এই সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্র। এটি সংসদের জন্য একটি নতুন যাত্রা। আমরা দ্রুতই আমাদের সদস্যদের নাম প্রদান করব।"
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "সরকার ও বিরোধী দলের এই সহযোগিতামূলক অবস্থান জনগণের মনে আশার সঞ্চার করেছে। এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব।"
উল্লেখ্য, চলতি মাসের শেষেই সংসদের এই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে কাজ শুরু করার আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ