হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কী ঘটেছিল, জানালেন মনজুর আলম

অনলাইন ডেস্কঃ
Apr 15, 2026 - 15:01
হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কী ঘটেছিল, জানালেন মনজুর আলম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসভবনে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। হাসনাত আবদুল্লাহ ওই বাসায় অবস্থানকালে বাইরে একদল যুবক জড়ো হয়ে নিজেদের 'জুলাইযোদ্ধা' পরিচয় দিয়ে নানা প্রশ্ন তোলেন, যার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঠিক কী ঘটেছিল সেদিন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক মেয়র মনজুর আলম।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মনজুর আলম জানান, গত সোমবার চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর একটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। দুপুরে তিনি নিজে ফোন করে মেয়রের বাসায় আসার ইচ্ছা পোষণ করেন। সৌজন্যবশত মনজুর আলম তাকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান।

ঘটনার বর্ণনা দিয়ে সাবেক এই মেয়র বলেন, "বিকেল ৩টার দিকে হাসনাত আবদুল্লাহ আমার বাসায় আসেন এবং একসঙ্গে দুপুরের খাবার খান। এর কিছুক্ষণ পর স্থানীয় কিছু যুবক বাসার সামনে জড়ো হতে শুরু করে। পরিস্থিতি বুঝে হাসনাত আবদুল্লাহ নিজেই বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সন্ধ্যা ৬টার দিকে স্থান ত্যাগ করেন।"

বাসার সামনে জড়ো হওয়া যুবকদের অনেকে মনজুর আলমকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "আমার নামে কোনো মামলা নেই, আমি কখনো আওয়ামী লীগও করিনি। আমি তো বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছিলাম। তাহলে আমি আওয়ামী লীগের দোসর হলাম কীভাবে?"

তিনি আরও দাবি করেন, বাসার সামনে যারা হট্টগোল করতে এসেছিল, তারা সবাই স্থানীয় এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 

রাজনীতিতে নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে মনজুর আলম জানান, ২০১৫ সালের সিটি নির্বাচনের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে সমাজসেবামূলক কাজে ব্যস্ত রয়েছেন। আগামী নির্বাচনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি মানুষের গুঞ্জন মাত্র। আমি নিজে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘোষণা দিইনি।"

উল্লেখ্য, মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ বিরতির পর আবারও তাকে নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow