সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্কঃ
Mar 15, 2026 - 13:21
সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচলিত লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে পুনরায় মেধাভিত্তিক পদ্ধতি চালুর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ প্রাথমিক বিদ্যালয়গুলোর বর্তমান ভর্তি পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "আগে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হতো, কিন্তু বর্তমানে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চলছে। এর ফলে ফিডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন (কোয়ালিটি সম্পন্ন) শিক্ষার্থী পাঠাতে পারছি না।" এই পরিস্থিতি তুলে ধরে তিনি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান— সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোর ভর্তি পদ্ধতি পরিবর্তন করবে কি না, নাকি পুরনো পদ্ধতিতেই ফিরে যাবে?

প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, "এ বিষয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে। আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় মূলত গ্রামীণ ও শহরকেন্দ্রিক—দুটি পরিবেশ বিদ্যমান। গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে খুব বেশি প্রতিযোগিতা না থাকায় সেখানে লটারি পদ্ধতি বড় কোনো সমস্যা তৈরি করছে না। তবে ঢাকা বা বড় শহরগুলোতে এটি ব্যাপক জটিলতার সৃষ্টি করেছে।"

বিগত সরকারের আমলে এই জটিলতা নিরসনের যুক্তিতেই লটারি ব্যবস্থা চালু করা হয়েছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "ব্যক্তিগতভাবে আমার কাছে এই পদ্ধতিটি আদৌ যৌক্তিক বলে মনে হয় না। আগামী শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা সংশ্লিষ্ট সকল অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

উল্লেখ্য, রবিবারের এই সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি করা হয়। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপিত হয়, যার ওপর সংসদে মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow