ফসলি জমি দখল ও চাঁদাবাজি নিয়ে আমানউল্লাহ আমানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্কঃ
Feb 23, 2026 - 14:14
ফসলি জমি দখল ও চাঁদাবাজি নিয়ে আমানউল্লাহ আমানের কঠোর হুঁশিয়ারি

ফসলি জমি দখল করে বালু ভরাট এবং অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনস্বার্থ বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড ঢাকা-২ আসনে আর চলতে দেওয়া হবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, "কৃষি জমি আমাদের সম্পদ। ফসলি জমিতে বালু ফেলে দখলদারিত্বের রাজনীতি ও ব্যবসা আর চলবে না। যারা অবৈধভাবে ভূমি দখলের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।"

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, "ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।" একইসঙ্গে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধেও কড়া বার্তা দেন তিনি। আমান বলেন, "বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের সন্ত্রাসী বা চাঁদাবাজি কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে প্রশাসন যেন কোনো নমনীয়তা না দেখিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়।"

এলাকার উন্নয়ন ও জননিরাপত্তা নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জয়নগর মাঠ এলাকা থেকে দ্রুত খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া এলাকার পুকুরগুলোকে মাছ চাষের আওতায় এনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

২০২৪-এর গণআন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি ঘাটারচর এলাকায় শহীদ রিয়াজের স্মরণে ‘রিয়াজ চত্বর’ ও একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন। এছাড়া হযরতপুর ব্রিজ এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন— ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাত্তার বেগ এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow