পিরোজপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহে ৫৪১ কর্মী নিয়োগ: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:৪২ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহে ৫৪১ কর্মী নিয়োগ: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে পিরোজপুর জেলায় ৪৯২ জন তথ্যসংগ্রাহক ও ৪৯ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। 

প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার এবং প্রকৃত যোগ্য পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করা হবে।

নিয়োগপ্রাপ্ত তথ্যসংগ্রাহক ও সুপারভাইজাররা জেলার সাতটি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের অধীনে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে এ কার্যক্রম পুরোদমে শুরু হবে।

**উপজেলাওয়ারী নিয়োগের পরিসংখ্যান:**  
প্রাপ্ত তথ্যানুযায়ী, নিয়মিত ও রিজার্ভ কর্মী মিলিয়ে তথ্যসংগ্রাহকদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪৪ জন, কাউখালীতে ২৯ জন, জিয়ানগরে ৩৪ জন, ভান্ডারিয়ায় ৭০ জন, মঠবাড়িয়ায় ১১৭ জন, নেছারাবাদে ৯২ জন, নাজিরপুরে ৭৪ জন এবং শহর সমাজসেবা কার্যালয়ের অধীনে ৩২ জন নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে, তদারকির দায়িত্বে থাকা সুপারভাইজারদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, কাউখালীতে ৩ জন, জিয়ানগরে ৩ জন, ভান্ডারিয়ায় ৭ জন, মঠবাড়িয়ায় ১২ জন, নেছারাবাদে ৯ জন, নাজিরপুরে ৮ জন এবং শহর সমাজসেবা কার্যালয়ে ৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ইব্রাহিম খলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহামুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী।

এছাড়াও জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর সভাপতি মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।