চরভদ্রাসনে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৪

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
১০ অক্টোবর, ২০২৬ ৬:৩৭ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৪

ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক এলাকায় ফরিদপুর-চরভদ্রাসন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের আসাদ সিকদারের ছেলে লিমন (২২), একই গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে আরিফ (১৫), কেএম ডাঙ্গী গ্রামের শেখ ইউসুফের ছেলে আসাদ (৩০) এবং ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সুবর্ণা আক্তার (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোহারটেক এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানের যাত্রীরা সড়কে ছিটকে পড়ে চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চরভদ্রাসন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মোর্তুজা ফকির জানান, “সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার স্টেশন থেকে কিছু দূরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে আমাদের দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুরুষ ও এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।” 

তিনি আরও জানান, অটোরিকশায় থাকা অপর দুই যাত্রী কোনো ধরনের আঘাত পাননি। তাঁরা অক্ষত অবস্থায় নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।