কাপ্তাইয়ে বিজিবির অভিযান: ৮৩ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২, ট্রাক জব্দ

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৭ অক্টোবর, ২০২৬ ২:১৪ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে বিজিবির অভিযান: ৮৩ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২, ট্রাক জব্দ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) এক বিশেষ অভিযানে একটি ডাম্পার ট্রাকসহ প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। 

বুধবার (৭ অক্টোবর) ভোরে কাপ্তাই সংলগ্ন রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্কের পাশের সড়কে এ অভিযান পরিচালিত হয়। দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক সংলগ্ন পাকা রাস্তায় অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ডাম্পার ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। 

তল্লাশিকালে ট্রাকটি থেকে ১৭ হাজার ৯০ প্যাকেট ‘প্যাট্রন’ (Patron) এবং ১ হাজার ৮০০ প্যাকেট ‘অরিস’ (Oris)—সর্বমোট ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ট্রাকসহ জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক সিজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে বিজিবি সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। দেশীয় অর্থনীতি রক্ষায় চোরাচালানবিরোধী এ ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃত দুই ব্যক্তি এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।