থানচিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
৫ অক্টোবর, ২০২৬ ৩:১৬ পিএম
শেয়ার করুন:
থানচিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি থানচি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। 

পরবর্তীতে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাজমিদা আফরোজ তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ম্যাখ্যাঝনু মার্মা, সহকারী শিক্ষক ছোটন দত্ত, নুচিংথুই মার্মা, লিপি ত্রিপুরা ও বিষ্ম য়ার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান বহুগুণ বৃদ্ধি পাবে। দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রতিকূল পরিবেশের কথা উল্লেখ করে বক্তারা বলেন, স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন, “শিক্ষকরা কেবল শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, তাঁরা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও জাতির ভবিষ্যৎ গড়ে তোলেন। তাই শিক্ষকদের সম্মান ও সামাজিক মর্যাদা রক্ষার পাশাপাশি তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।” 

অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।