আত্রাইয়ে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৫ অক্টোবর, ২০২৬ ৪:৫২ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে মো. ইয়াছিন আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

সোমবার (৫ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুরনই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী ওই গ্রামের মৃত গরিবউল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মধুগুরনই গ্রামের রহিদুলের ছেলে মো. মিম (১৮)-এর একটি ছাগল ইয়াছিন আলীর বাড়ির গাছের পাতা ও ফসল খায়। এ বিষয়টিকে কেন্দ্র করে বৃদ্ধ ইয়াছিনের সঙ্গে মিমের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিম ক্ষিপ্ত হয়ে ইয়াছিন আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। প্রতিপক্ষের মারধরের আঘাতে তিনি তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।