ফরিদপুরে ৭৮১টি মণ্ডপে দুর্গাপূজা: উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৪ অক্টোবর, ২০২৬ ১২:৪৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ৭৮১টি মণ্ডপে দুর্গাপূজা: উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, এ বছর ফরিদপুর জেলায় মোট ৭৮১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। 

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. বেলাল উদ্দিন এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম। 

এ ছাড়া ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল-


নিরাপত্তা জোরদার: প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিত করে অতিরিক্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা।
দুর্ঘটনা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা: প্রতিটি মণ্ডপে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করা এবং বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক তার ও জেনারেটর ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ: চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও নারী-শিশু হয়রানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে শহরে অবৈধ মোটরসাইকেল প্রবেশ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে তৎপর থাকার আহ্বান জানানো হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা: সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব ও অপপ্রচার চালিয়ে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মণ্ডপ প্রাঙ্গণে মাদকের ব্যবহার ও ডিজে গান পুরোপুরি পরিহার করে ধর্মীয় গান পরিবেশনের আহ্বান জানানো হয়।
নাগরিক সেবা ও বিসর্জন: মণ্ডপ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় নদী ও জলাশয়গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, "প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় ফরিদপুরে একটি সৌহার্দ্যপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।