বোয়ালমারীতে ভাড়া বাসা থেকে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৭ অক্টোবর, ২০২৬ ৩:১৭ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে ভাড়া বাসা থেকে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে একটি ভাড়া বাসা থেকে অলিভ বিশ্বাস (৩৮) নামের এক ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অলিভ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়েনদিয়া বাজারে শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাপক স্বপন কুমার সাহার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিভের রুমমেট আমরেন্দ্র মণ্ডল সাপ্তাহিক ছুটিতে শুক্রবার গ্রামের বাড়িতে যান। শনিবার সকাল ৮টার দিকে তিনি বাসায় ফিরে ভেতর থেকে দরজা-জানালা বন্ধ দেখতে পান। এ সময় অলিভকে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে তিনি প্রতিবেশীদের ডেকে আনেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে অলিভের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, "মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।"

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী নিহত ব্যক্তি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।