ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মহা সপ্তমী

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ অক্টোবর, ২০২৬ ৩:০১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মহা সপ্তমী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মহা সপ্তমী পূজা। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই জেলার প্রতিটি পূজামণ্ডপে ভক্ত ও পুণ্যার্থীদের ঢল নামে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী সকালে মর্ত্যে দেবীর আগমন উপলক্ষে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, কলাবউ স্নান এবং সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। এ সময় বিশ্বশান্তি, মঙ্গল এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দেবীর চরণে বিশেষ প্রার্থনা করা হয়।

পূজা অর্চনা শেষে দুপুরে বিভিন্ন মণ্ডপে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া উৎসবের অংশ হিসেবে সন্ধ্যার পর প্রতিটি পূজামণ্ডপে ধূপ-আরতি ও সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। 

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ফরিদপুর শহর ও উপজেলার মণ্ডপগুলোতে বিরাজ করছে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ নতুন পোশাকে মণ্ডপে মণ্ডপে ঘুরে উৎসবের আনন্দ উপভোগ করছেন। 

এদিকে সনাতন পঞ্জিকা অনুযায়ী তিথির কারণে এ বছর দুই দিনব্যাপী সপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামীকাল রবিবারও সপ্তমী পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।