বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

অনলাইন ডেস্কঃ
৩ অক্টোবর, ২০২৬ ৩:২৯ পিএম
শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পেছনে কোনো বিশেষ কুচক্রী মহলের ইন্ধন রয়েছে কি না—তা উদঘাটনে আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার বিবরণ: 
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) মদিনা থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হলে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, তার সঙ্গীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণের চেষ্টা করলে নিরাপত্তা কর্মকর্তা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান ওই নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করেন। পাশাপাশি তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।