আলফাডাঙ্গায় পারিবারিক কলহ ও আর্থিক সংকটে যুবকের আত্মহত্যা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২ অক্টোবর, ২০২৬ ৩:৫২ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় পারিবারিক কলহ ও আর্থিক সংকটে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় অভাব-অনটন ও পারিবারিক কলহের জেরে নাছিম মিয়া (২৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাছিম মিয়া ওই গ্রামের আবুল কালাম আজাদ ওরফে খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। তাঁর স্ত্রী ও চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নিয়মিত কাজ না থাকায় তীব্র আর্থিক সংকটে ভুগছিলেন নাছিম। সংসারের খরচ চালানো নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বুধবার সন্ধ্যায় পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি নিজের শয়নকক্ষে চলে যান। 

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা-পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভাব-অনটন ও পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের কোনো অভিযোগ ও আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।