এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে ভবনে তালা ঝুলিয়ে বাড়ি ফিরে গেছেন শিক্ষক ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘দেউলবাড়ী ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে। মাত্র দুটি ক্লাস নেওয়ার পর আকস্মিকভাবে বিদ্যালয় বন্ধ করে দেওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যথারীতি শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। তবে শিক্ষকরা মাত্র দুটি ক্লাস নেওয়ার পরই তড়িঘড়ি করে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন। এরপর শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয় ভবনে তালা ঝুলিয়ে নিজ নিজ বাড়িতে চলে যান। হঠাৎ বিদ্যালয় বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা এবং তাদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, বেলা ১১টা ৪০ মিনিটের মধ্যেই শিক্ষকেরা স্কুল বন্ধ করে তালা মেরে চলে যান।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের নির্ধারিত সময় পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব। ব্যক্তিগত বা সামাজিক কোনো অনুষ্ঠানের অজুহাতে এভাবে খেয়ালখুশিমতো সরকারি নিয়ম ভেঙে বিদ্যালয় ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষকদের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পড়ালেখার অপূরণীয় ক্ষতি হচ্ছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের অফিস সহায়ক আলাউদ্দিন আকন বলেন, "আমরা স্কুলে উপস্থিত ছিলাম। তবে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় প্রধান শিক্ষকের নির্দেশে দুটি ক্লাস নেওয়ার পর ছুটি দিয়ে দেওয়া হয়।" শিক্ষকেরা ওই বিয়েতে অতিথি হিসেবে যোগ দেবেন কি না—এমন প্রশ্নে তিনি দাবি করেন, "কোনো শিক্ষকই অনুষ্ঠানে যাবেন না।" এর পরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পরিতোষ মিত্রের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি "কথা শোনা যাচ্ছে না" বলে কল কেটে দেন।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, "পাঠদান চলাকালীন নির্ধারিত সময়ের পূর্বে বা কোনো সামাজিক অনুষ্ঠানের দোহাই দিয়ে বিদ্যালয় ছুটি দেওয়ার কোনো সুযোগ ও নিয়ম নেই। বিষয়টি সম্পর্কে দ্রুত খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয় বন্ধের এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ী শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।