দৌলতপুরে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন, আহত ২: আটক ২

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৩ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন, আহত ২: আটক ২

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইয়ের হাসুয়ার কোপে ইন্তাদুল বাদাল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালপাড়া গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইন্তাদুল বাদাল ওই গ্রামের মৃত ফুলচাঁদ বাদালের ছেলে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন—একই গ্রামের আলেক বাদালের ছেলে মোঃ বাবু (৪৫) এবং নিহত ইন্তাদুল বাদালের ছেলে তপন বাদাল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেহালা বাদালপাড়া গ্রামের একটি রাস্তার ওপর বসতবাড়ির জমি নিয়ে ইন্তাদুল বাদালের সঙ্গে তার আপন বড় ভাই মোঃ বজলু বাদাল (৬০) ও ভাতিজা হানিফ বাদালের (৩২) বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বজলু বাদাল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ইন্তাদুল বাদালের গলা ও হাতে কোপ দেন। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

এ সময় ইন্তাদুলকে বাঁচাতে তার চাচাতো ভাইয়ের ছেলে বাবু বাদাল এগিয়ে এলে হামলাকারীরা তার পেটেও হাসুয়া দিয়ে আঘাত করে। একই সময় হানিফ বাদাল হাসুয়া দিয়ে নিহত ইন্তাদুলের ছেলে তপন বাদালের পিঠে কুপিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। 

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই ইন্তাদুল বাদাল মারা যান। পরে আহত বাবুকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে এবং তপনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বজলু বাদাল ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।