নওগাঁয় চাঁদা না পেয়ে সিএনজিচালককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্কঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৬ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় চাঁদা না পেয়ে সিএনজিচালককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রদল নেতা

নওগাঁর নিয়ামতপুরে চাঁদা না দেওয়ায় সাইদুর রহমান নামের এক সিএনজিচালককে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর বাজারের তিন মাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক সাইদুর রহমানকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্তের নাম জয় মণ্ডল। তিনি নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালকদলের নিয়ামতপুর উপজেলা সভাপতি ইসমাইল হোসেন বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে জয় মণ্ডল স্থানীয় সিএনজি স্টেশনে গিয়ে সাইদুর রহমানের কাছে চাঁদা দাবি করেন। সাইদুর চাঁদা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি তার আত্মীয়স্বজনকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রোববার সকালে সাইদুরকে কৌশলে তিন মাথা মোড়ের একটি শো-রুমের পেছনে ডেকে নেন জয়। সেখানে পৌঁছামাত্রই বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে সাইদুরের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে সাইদুর আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করলে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে চালকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা জয় মণ্ডল। তার দাবি, “সিএনজিচালক সাইদুর আমার স্ত্রীকে অনৈতিক ও বাজে প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। চাঁদা দাবি কিংবা দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “সিএনজিচালককে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।