পুনর্নিরীক্ষণে বরিশাল বোর্ডে পাস ৭৯, জিপিএ-৫ পেল ১১২ জন

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৮ পিএম
শেয়ার করুন:
পুনর্নিরীক্ষণে বরিশাল বোর্ডে পাস ৭৯, জিপিএ-৫ পেল ১১২ জন

মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এতে ফেল করা ৭৯ জন শিক্ষার্থী পাস করেছেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন পরীক্ষার্থী। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

বোর্ড সূত্রে জানা যায়, পুনর্নিরীক্ষণের পর সামগ্রিক ফলাফলে বড় ধরনের পরিবর্তন এসেছে। ৭৯ জন ফেল থেকে পাস করার পাশাপাশি ১ হাজার ৫ জন পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

শিক্ষা বোর্ড জানায়, কাঙ্ক্ষিত ফল না পেয়ে এবার বরিশাল বোর্ডের ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেন। তারা মোট ৫০ হাজার ২৯৩টি পত্রের জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে সংশোধিত এই ফল প্রকাশ করা হলো।

এর আগে গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। সে সময় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ। বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধিত হয়েছিল ৮২ হাজার ৯০১ জন শিক্ষার্থী। এর মধ্যে ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৪৫৮ জন। মূল ফলাফলে পাস করেছিলেন ৪৮ হাজার ৫৫৫ জন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হন ২৪ জন পরীক্ষার্থী। 

পুনর্নিরীক্ষণের পর নতুন করে বেশ কিছু শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।