ইংল্যান্ডে খেলতে গিয়ে বিপাকে পাকিস্তান ক্রিকেট দল

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ পিএম
শেয়ার করুন:
ইংল্যান্ডে খেলতে গিয়ে বিপাকে পাকিস্তান ক্রিকেট দল

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়ে অনাকাঙ্ক্ষিত ও অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব ক্রিকেটারদের ভুলবশত ‘শরণার্থী’ মনে করে তাদের অবস্থান করা হোটেলের সামনে জড়ো হয়েছিলেন একদল অভিবাসনবিরোধী বিক্ষোভকারী। তবে সত্যতা জানার পর নিজেদের ভুল বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই স্থান ত্যাগ করেন তারা। 

ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরের ম্যারিয়ট হোটেলে এ ঘটনা ঘটে। বর্তমানে পাকিস্তান যুব দল সেখানে অবস্থান করছে।

ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তান দলের সদস্যরা বাসে করে হোটেলে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন এশীয় তরুণকে দেখে বিভ্রান্তি ছড়ানো হয় যে, হোটেলটিতে অবৈধ শরণার্থীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এ গুজবের জেরে মুখ ঢাকা অবস্থায় প্রায় ৩০ থেকে ৫০ জন অভিবাসনবিরোধী বিক্ষোভকারী হোটেলের বাইরে এসে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন স্থানীয় হ্যাম্পশায়ার কাউন্টি কাউন্সিলের ‘রিফর্ম ইউকে’ দলীয় কাউন্সিলর জর্জ ম্যাডগউইক। তিনি হোটেল কর্তৃপক্ষ ও পাকিস্তান দলের প্রধান কোচের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখেন। নথিপত্র দেখে নিশ্চিত হওয়ার পর তিনি বাইরে অপেক্ষমাণ বিক্ষোভকারীদের জানান, “আপনারা ভুল বুঝেছেন, এরা শরণার্থী নন; এরা পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়।”

কাউন্সিলর ও পুলিশের হস্তক্ষেপে বিভ্রান্তি দূর হলে কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা শান্তভাবে এলাকা ছেড়ে চলে যান। ব্রিটিশ পুলিশ নিশ্চিত করেছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো অপ্রীতিকর ঘটনা বা অপরাধমূলক তৎপরতা ঘটেনি।

উল্লেখ্য, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা শরণার্থীদের পুনর্বাসন নিয়ে পোর্টসমাউথ শহরে বেশ কিছুদিন ধরেই তীব্র উত্তেজনা চলছিল। এমনকি এর কয়েক দিন আগেই সেখানে স্থানীয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। সেই উত্তপ্ত পরিস্থিতির জেরেই এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

এ ঘটনার পর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের নিরাপত্তা জোরদারে তৎপর হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরের বাকি সময়ের জন্য ক্রিকেটারদের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নতুন করে পর্যালোচনা করছে আয়োজক সংস্থাটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।