সালথায় আ.লীগ সমর্থকদের হামলায় বিএনপি নেতা আহত, গ্রেপ্তার ১

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২২ আগস্ট, ২০২৬ ২:৪২ পিএম
শেয়ার করুন:
সালথায় আ.লীগ সমর্থকদের হামলায় বিএনপি নেতা আহত, গ্রেপ্তার ১

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৫) নামের এক বিএনপি নেতা আহত হয়েছেন। হামলায় তাঁর একটি দাঁত ভেঙে পড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে সেলিম মাতুব্বরের মুদিদোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। 

আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী শাহ আলম মাতুব্বরের অভিযোগ, শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদ মোল্যার সমর্থকদের ধারণা, এই গ্রেপ্তারের পেছনে তাঁর (শাহ আলম) ভূমিকা রয়েছে। এরই জেরে শুক্রবার বিকেলে মাঝারদিয়া বাজারে পেয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে, যার ফলে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং একটি দাঁত ভেঙে পড়ে যায়।

এ ঘটনায় শাহ আলম মাতুব্বরের ভাই সজিব হোসেন (৪৪) বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্যা (৪০), ইমরান মোল্যা (২৫), জিয়া মাতুব্বর (৪০), রাজিব মোল্যা (৩০), কাউসার মাতুব্বর (৩০) ও শাহিদ শেখকে (৩৫) এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল, যার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, "মারধরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।