জিয়ানগরে খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২০ আগস্ট, ২০২৬ ৬:২৭ পিএম
শেয়ার করুন:
জিয়ানগরে খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া খায়ের হাট বাজারে সরকারি খাস জমি দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় সদর ইউনিয়নের ৬ নম্বর কালাইয়া ওয়ার্ডের খায়ের হাট বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবায়েদ ফেরদৌস এবং জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান (রুবেল)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালাইয়া গ্রামের খায়ের হাট বাজার এলাকায় সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন অসাধু ব্যক্তি দোকানঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা ও ভোগদখল করে আসছিলেন। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ ও মৌখিক নির্দেশনা দেওয়া হলেও দখলদাররা তা আমলে নেননি। 

অবশেষে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করতে বৃহস্পতিবার সকালে অভিযান শুরু করে প্রশাসন। অভিযান চলাকালে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি পাকা-আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি অবৈধভাবে দখলের সাথে জামাল মোল্লা, মামুন, বাসার আকন, নুরুল ইসলাম, বাসার মৃধা, হাবিবুর রহমান খান ও আনিসুর রহমানসহ বেশ কয়েকজন জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযান পরিচালনার বিষয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবায়েদ ফেরদৌস জানান, "সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা ভোগদখল করার কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে আইনগত প্রক্রিয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।