এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। মাছ আহরণ শুরুর প্রথম সপ্তাহেই হ্রদ থেকে প্রায় ২২৪ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ আহরিত হয়েছে। এর বিপরীতে সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে জমা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) আওতাধীন কাপ্তাই মৎস্য উপকেন্দ্র সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কাপ্তাই মৎস্য আহরণ উপকেন্দ্রের প্রধান মো. জসীম উদ্দিন জানান, হ্রদে কার্প জাতীয় মাছের সুষম বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে দেওয়া নিষেধাজ্ঞা শেষে গত ১০ আগস্ট মধ্যরাত থেকে মাছ আহরণ ও বিপণন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথম দিন থেকেই জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়ছে এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আহরণের পরিমাণও বাড়ছে। গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত কাপ্তাই উপকেন্দ্রের মাধ্যমে মোট ২২৪ মেট্রিক টন মাছ আহরিত হয়েছে, যার বিপরীতে সরকারের রাজস্ব আয় হয়েছে ৫০ লাখ টাকা।
হ্রদে মাছ শিকারে নিয়োজিত স্থানীয় জেলে ওমর আলী, সুবল দাশ ও মো. আরব আলী জানান, অন্যান্য বছরের তুলনায় এবার হ্রদে আইড় মাছের পরিমাণ ও আকার—দুটোই বেশ ভালো। এছাড়া কাচকি ও চাপিলাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছও প্রচুর ধরা পড়ছে। মাছ শিকারের শুরুতে হ্রদে পানির উচ্চতা বেশি থাকায় কিছুটা বেগ পেতে হলেও পানি কমতে থাকায় এখন পুরোদমে ও স্বাচ্ছন্দ্যে মাছ ধরা যাচ্ছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, “কাপ্তাই হ্রদের সুস্বাদু মাছের দেশজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা মাছ কিনতে আসছেন। আশা করছি, গত বছরগুলোর মতো এবারও হ্রদের মাছ আহরণ ও বিপণনের সঙ্গে জড়িত সবাই আর্থিকভাবে লাভবান হবেন।”
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে হ্রদে সব ধরনের মাছ আহরণ, বিপণন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন। পরবর্তীতে হ্রদের পানির স্তর বিবেচনায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে হ্রদজুড়ে পুরোদমে চলছে মাছ আহরণ ও বিক্রির মহোৎসব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।