আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্কঃ
১৯ জুলাই, ২০২৬ ২:৩১ পিএম
শেয়ার করুন:
আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না। জনগণের শক্তির ওপর ভর করেই নতুন বাংলাদেশ গড়তে চাই।” 

শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত এক ‘জুলাই পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বক্তব্যে দেশের চলমান পরিস্থিতি ও সংস্কার ইস্যুতে বিএনপির ভূমিকার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে নতুন আশা ও আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল; কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। দেশের সংস্কার, বিচার ও রাষ্ট্র পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিএনপি।”

তিনি আরও বলেন, “বিএনপি বলেছিল দেশে সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, ১ হাজার ৪০০ হত্যাকাণ্ডের বিচার হবে, আজাদির স্বপ্নপুরুষ ওসমান হাদীর হত্যার বিচার হবে, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের অপেক্ষায় ছিলাম, তখন বিএনপির নেতাকর্মীদের থানায় গিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করার জন্য তদবির করতে দেখা গেছে। এর মাধ্যমে তারা আবু সাঈদ ও ওসমান হাদীর স্বপ্নকে ভেঙে দিয়েছে।” 

আগামী দিনের রাজনৈতিক বার্তা দিয়ে এনসিপির এই নেতা বলেন, “আমাদের আগামী দিনের আন্দোলন হবে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’ অমান্যকারীদের বিরুদ্ধে। যারা ১ হাজার ৪০০ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।” এ সময় তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি।

এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে এ পথসভাটি অনুষ্ঠিত হয়। এতে দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও স্বাস্থ্য উইংয়ের প্রধান ডা. আব্দুল আহাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন। 

পথসভাটিতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।