'অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির

অনলাইন ডেস্কঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫১ পিএম
শেয়ার করুন:
'অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের বাইরে আমাদের কোনো পিসির বাড়ি বা দাদা বাবুর বাড়ি নেই। চরম প্রতিকূল পরিস্থিতিতেও আমরা মাটি কামড়ে দেশেই ছিলাম। অতীতের শত নির্যাতন ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েও আমাদের দেশছাড়া করা যায়নি।’

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চকালে ফেনীর মহীপালে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশই আমাদের অস্তিত্ব ও গর্বের ঠিকানা। জনগণের সুখে-দুঃখে জামায়াতে ইসলামী অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। শত দুর্যোগ ও প্রতিকূলতার মধ্যেও আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অবিচল থাকব, ইনশাআল্লাহ।’

বর্তমান সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই এই সরকার জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে চলেছে। অতীতের ফ্যাসিবাদকে বিদায় করতে সাড়ে ১৫ বছর লড়াই করতে হয়েছে; কিন্তু নতুন করে কেউ যদি আবারও ফ্যাসিবাদের পথ বেছে নেয়, তবে তাদের ক্ষমতা থেকে সরাতে আগের মতো দীর্ঘ সময় লাগবে না।’

বিগত ছয় মাসের সরকারের কার্যক্রমের তীব্র ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘সরকার আজ পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। গত ছয় মাসেও গুরুত্বপূর্ণ বিচার কার্যক্রমগুলো শুরু করা যায়নি। অবিলম্বে পিলখানায় ৫৭ জন দেশপ্রেমিক সেনাকর্মকর্তা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাযজ্ঞ এবং জুলাই বিপ্লবের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।’

সরকারপ্রধানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘রাজপথে বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ করুন। বিরোধী দলের ওপর আঘাত এলে পাল্টা প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি সরকারের পক্ষ থেকে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করা হয়, তবে আমাদের ঘোষিত ৬ দফার প্রতিটি দফা দ্রুত মেনে নিতে হবে।’

তরুণ ও যুবসমাজের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ব্যক্তিগত জীবনের প্রাপ্তি-অপ্রার্থির ঊর্ধ্বে। আমাদের সমস্ত সংগ্রাম এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। যুবসমাজের ন্যায্য ভবিষ্যৎ গড়তেই আমাদের এই রাজপথের লড়াই।’

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন।

পথসভা শেষে বিরোধীদলীয় নেতৃবৃন্দের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে ফেনী ত্যাগ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।