বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের নতুন রেকর্ড

অনলাইন ডেস্কঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৯ পিএম
শেয়ার করুন:
বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের নতুন রেকর্ড

আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক ইতিহাস গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। সিএফ মন্ট্রিলকে হারানোর ম্যাচে দুর্দান্ত এক গোল করে প্রথম কোনো তরুণ ফুটবলার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন এই ফরোয়ার্ড। একই সঙ্গে ভেঙে দিয়েছেন ২১ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড।

রোববার (৬ সেপ্টেম্বর) এমএলএসের ম্যাচে সিএফ মন্ট্রিলের মুখোমুখি হয় ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচের ৫৭তম মিনিটে ড্যানলে জিন জ্যাকেসের গোলে প্রথম লিড পায় ফিলাডেলফিয়া। এরপর ৭৫তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ১৬ বছর বয়সী কাভান সুলিভান। 

কাভানের করা দ্বিতীয় গোলটি এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। ফিলাডেলফিয়ার এক সতীর্থ বল নিয়ে বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা করলে মন্ট্রিলের গোলরক্ষক এগিয়ে এসে তা প্রতিহত করার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন থেকে ক্ষিপ্র গতিতে ছুটে এসে প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারের বাধা এড়িয়ে চমৎকার শটে বল জালে জড়ান সুলিভান। চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে এটি তার চতুর্থ গোল।

এই গোলের মধ্য দিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন চার ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ ভাই কাভান। চলতি মৌসুমে ৪টি গোল ও ৭টি অ্যাসিস্ট মিলিয়ে মোট ১১টি গোলে সরাসরি অবদান রাখলেন তিনি। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে অনূর্ধ্ব-১৬ বা টিনেজার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন তিনি। 

এর আগে ২০০৫ সালে সাবেক মার্কিন ফুটবলার ফ্রেড্ডি আদু কিশোর বয়সে এক মৌসুমে সর্বোচ্চ ১০টি গোলে (৪টি গোল ও ৬টি অ্যাসিস্ট) অবদান রেখে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন। দীর্ঘ সময় পর ফ্রেড্ডি আদুকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবল বিস্ময়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।