ফরিদপুরের মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
৫ জুলাই, ২০২৬ ১০:৫৮ এএম
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি

৪ জুলাই শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সরকারি হালট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত।

এ অভিযানে সরকারি হালট দখল করে নির্মিত বসতঘর, দোকান, গোয়ালঘর, বাথরুম, বারান্দাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে থাকা গাছপালাও অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দা তোতা মৃধার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে সরকারি হালট অবৈধভাবে দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দখলদারদের এক সপ্তাহ আগে মৌখিকভাবে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা জমি খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত সাংবাদিকদের জানান, এ অভিযানের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত হয়েছে। এতে স্থানীয় জনগণ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবে। বিশেষ করে রাস্তা প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু বলেন, “এর আগে এ ধরনের কার্যকর উচ্ছেদ অভিযান খুব একটা দেখা যায়নি। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সরকারি জমি দখলের প্রবণতা কমবে এবং ভূমিদস্যুরা নিরুৎসাহিত হবে।”

স্থানীয়দের মতে, সরকারি হালট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।