এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১৪ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম কক্সবাজার সফর। সফরকালে তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ অন্তত আটটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে।
সরকারিভাবে এখনো চূড়ান্ত সফরসূচি ঘোষণা করা না হলেও সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্ভাব্য সফরসূচি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৪ জুন সকালে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। তিনি পার্ক এলাকা ঘুরে দেখার পর পেকুয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। এরপর একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
দুপুরের কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের চকরিয়ার বাসভবন ‘সাঈদ ম্যানশনে’ মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর চকরিয়া উপজেলা থেকে আলাদা করে নবগঠিত ‘মাতামুহুরী উপজেলা’ এবং ‘পেকুয়া পৌরসভা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
১৪ জুন বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি সড়কযোগে কক্সবাজার জেলা শহরে ফিরে রাতযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৫ জুন সকালে কক্সবাজারের স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। এরপর কক্সবাজার থেকে আকাশপথে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
চলছে জোর প্রস্তুতি
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৫ জুন) অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক, চকরিয়া পৌর বাস টার্মিনাল, কোনাখালীর বটতলী ও পেকুয়া সদর এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এবং চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের দুই দিন আগে অর্থাৎ ১২ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার যাবেন এবং নিজে উপস্থিত থেকে প্রস্তুতির সার্বিক দিক তদারকি করবেন।
যুক্ত হতে পারে পাতলী খাল খনন কর্মসূচি
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত 'পাতলী খাল' খনন কর্মসূচিটি সফরসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে গতকাল শুক্রবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পাতলী খাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।
নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ বিষয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, "আগামী ১৪ জুন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় আসছেন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে চকরিয়া ও পেকুয়াসহ পুরো কক্সবাজারের মানুষ অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। জনসভা সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।"
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৬ জুন, ২০২৬
জাতীয় | ৬ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ৬ জুন, ২০২৬
ভারত | ৬ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।