মানবিক সেবায় এক বছর: আর্তমানবতার বাতিঘর ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
পাহাড়ের দুর্গম জনপদ থেকে উন্নত চিকিৎসার আশায় চট্টগ্রাম শহরে আসা অসহায় মানুষের শেষ ভরসার নাম এখন ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’। অচেনা শহর, ভাষার ভিন্নতা আর আর্থিক অনটনে যখন দিশেহারা রোগী ও তাদের স্বজনরা, ঠিক সেই মুহূর্তে আশার আলো হয়ে পাশে দাঁড়াচ্ছে এই সংগঠনটি। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় নিজেদের মানবিক কর্মকাণ্ডে তারা গড়ে তুলেছে এক অনন্য মাইলফলক।
২০২৫ সালের ৬ জুন পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মানুষের সেবায় সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’। একঝাঁক তরুণের ঐকান্তিক প্রচেষ্টায় গঠিত এই সংগঠনটি আজ কেবল রক্তদাতা খুঁজে দেওয়ার মাধ্যম নয়, বরং রোগী ও রক্তদাতার মাঝে এক বিশ্বস্ত সেতুবন্ধন হয়ে উঠেছে।
সংগঠনটির তথ্যমতে, প্রতিষ্ঠার পর থেকে গত ১৭ মে ২০২৬ পর্যন্ত তারা সফলভাবে ৩৬৯ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করেছে। কোনো সদস্য রক্তদানে অসমর্থ হলে বিকল্প রক্তদাতার ব্যবস্থা করে রোগীর জীবন বাঁচাতে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এমনকি দরিদ্র রোগীদের যাতায়াতের খরচ বহন করার মতো মানবিক দৃষ্টান্তও স্থাপন করেছে সংগঠনটি।
শুধু রক্তদান নয়, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ পর্যন্ত ৬টি ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেছে তারা। কাপ্তাইয়ের রাইখালী থেকে বান্দরবানের রোয়াংছড়ি ও দুর্গম দীঘলছড়ি পর্যন্ত—এমন বিভিন্ন এলাকায় প্রায় ১৮০০ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো হয়েছে এবং সচেতন করা হয়েছে রক্তদানের গুরুত্ব সম্পর্কে।
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত রোগীকে নগদ ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করে প্রশংসিত হয়েছে সংগঠনটি। বর্তমানে প্রায় ১২০ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী সদস্যের হাত ধরে এগিয়ে চলছে এই মানবিক অগ্রযাত্রা।
আগামী ২১, ২২ ও ২৩ মে বান্দরবানের আলীকদম ও কুরুকপাতা ইউনিয়নের হাম (Measles) আক্রান্ত দুর্গম এলাকায় বৃহৎ মেডিকেল ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। এরপর আগামী ৫ জুন ২০২৬, শুক্রবার সংগঠনের প্রথম বর্ষপূর্তি ও স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরুণদের এই মানবিক প্রয়াসকে টিকিয়ে রাখতে এবং পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা জরুরি। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত সহযোগিতা ও শুভকামনায় আর্তমানবতার সেবায় ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’ আগামী দিনে আরও অনেক পথ পাড়ি দিতে পারবে।
What's Your Reaction?
রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ