বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে: চট্টগ্রামে সিরিজ জেতার লড়াই
সাগরিকায় আজ সিরিজ নির্ধারণী লড়াই। এর আগে গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলনে দেখা গেল এক মজার দৃশ্য। ক্রিকেটপাড়ার পরিচিত মুখ, স্বেচ্ছাসেবী বুলু চন্দ্র ঘোষ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে ব্যাটিং টেকনিক নিয়ে গভীর আলোচনায় মগ্ন! ব্যাপারটি হয়তো নেহাতই মজার ছলে, তবে বাংলাদেশে তো ক্রিকেট নিয়ে 'পরামর্শ' দেওয়ার মানুষের অভাব নেই। তবে সব পরামর্শ সরিয়ে রেখে ফিল সিমন্স নিশ্চয়ই তাঁর শিষ্যদের কানে জয়ের চূড়ান্ত মন্ত্রই জপে দিচ্ছেন।
এই ম্যাচটি ঘিরে চট্টগ্রামে এখন উৎসবের আমেজ। দুই বছর পর এই মাঠে ফিরছে ৫০ ওভারের ক্রিকেট। সর্বশেষ ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে এখানে ওয়ানডে খেলেছিল মিরাজরা। গত বিপিএলেও এই ভেন্যুতে কোনো ম্যাচ হয়নি। দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত বন্দরনগরীর দর্শকেরা। এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে আরেকটি বিষয়—বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল চট্টগ্রামেরই সন্তান। তাঁর জন্য এই সিরিজ জয় হতে পারে ঘরের মাঠের দারুণ এক উপহার।
তবে সেই উপহার পাওয়াটা খুব সহজ হবে না। বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে দ্বিতীয় সারির দল নিয়েও স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিউজিল্যান্ড। মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় জয় পেয়েছিল কিউইরা। তবে দ্বিতীয় ম্যাচে তরুণ পেসার নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে যায় সফরকারীরা। বোলিংয়ে কিউইরা খুব একটা তোপ দাগতে পারেনি, উল্টো তানজিদ হাসান তামিমের দারুণ ব্যাটিংয়ে ভর করে অনায়াস জয় তুলে নেয় বাংলাদেশ।
সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে 'চাঁপাই এক্সপ্রেস' খ্যাত নাহিদ রানা। প্রচণ্ড গরমেও ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিচ্ছেন এই তরুণ ফাস্ট বোলার। নিখুঁত বাউন্সার, ভয়ংকর ইয়র্কার আর নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনি যেন বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন বিজ্ঞাপন; যা দর্শকদের চোখের জন্যও চরম প্রশান্তির। মাঠের বাইরে লাজুক ও স্বল্পভাষী হলেও ২২ গজে তিনি গতির ঝড় তুলে ব্যাটারদের নিয়মিত পরীক্ষা নিচ্ছেন। ফিট থাকতে পারলে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণ।
দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন মাত্র ১০ ম্যাচ খেলা রানা। তবে ব্যক্তিগত এই অর্জনের চেয়েও এখন দলীয় সাফল্য বেশি জরুরি। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ে উন্নতি করার পাশাপাশি এই সিরিজ জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিরপুরের স্পিন-বান্ধব উইকেটের পর চট্টগ্রামের সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিং-স্বর্গ। ফ্ল্যাট উইকেটে ফাস্ট বোলারদের জন্য খুব একটা সুবিধা থাকে না। তাছাড়া অতীত পরিসংখ্যান বলছে, এই মাঠে সর্বশেষ চারটি ওয়ানডেতেই প্রথমে ব্যাটিং করা দল হেরেছে। এই পরিসংখ্যান মাথায় রেখেই নিশ্চয়ই টস করতে নামবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে কিছুটা পরিবর্তন আসার আভাস মিলেছে। একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজ শেষেই তাঁর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা রয়েছে। গতকাল অনুশীলনেও নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজ ও শরীফুল ইসলামকে নিয়ে আলাদাভাবে কাজ করতে দেখা গেছে কোচ সিমন্স ও পেস বোলিং কোচ শন টেইটকে। পেসারদের এই ধারাবাহিক সাফল্যের ওপর ভর করেই চট্টগ্রামে সিরিজ জয়ের উৎসবে মাততে চায় বাংলাদেশ।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ