‘ক্ষুদ্র জনগোষ্ঠী বলে কিছু নেই, সম্প্রদায় যার যার দেশ সবার’: সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৮ পিএম
শেয়ার করুন:
‘ক্ষুদ্র জনগোষ্ঠী বলে কিছু নেই, সম্প্রদায় যার যার দেশ সবার’: সংস্কৃতি প্রতিমন্ত্রী

পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সম্প্রদায়গুলোকে ভিন্ন চোখে দেখার সুযোগ নেই উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “দেশে ‘ক্ষুদ্র জনগোষ্ঠী’ বলে আলাদা কিছু নেই। ধর্ম ও সম্প্রদায় যার যার হলেও এ দেশ আমাদের সবার; আমরা সবাই বাংলাদেশি।”

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবানের থানচি উপজেলায় পুলিশ পরিচালিত হাইল্যান্ডার পার্কে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় বিএনপির উদ্যোগে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বিগত সরকার পার্বত্য অঞ্চলের ১৩টি ভাষাভাষী সম্প্রদায়কে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু বর্তমান সরকারের প্রধান তারেক রহমান পার্বত্য অঞ্চলের এই জনগোষ্ঠীকে আলাদা চোখে দেখেন না। তিনি বিশ্বাস করেন, আমরা সবাই বাংলাদেশি।”

তিনি আরও যোগ করেন, “এ দেশের প্রতিটি নাগরিকের নিজস্ব মাতৃভাষায় কথা বলার এবং নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য লালন-পালনের পূর্ণ অধিকার রয়েছে। রাষ্ট্র কিংবা কোনো ব্যক্তির অধিকার নেই তাদের ওপর জোরপূর্বক ‘বাঙালি’ পরিচয় চাপিয়ে দেওয়ার। তবে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। তাই এ দেশে বসবাসকারী প্রতিটি নাগরিককে রাষ্ট্রভাষা বাংলায় কথা বলা ও লেখায় পারদর্শী হতে হবে।”

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রোসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।

সফরের অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) সকালে প্রতিমন্ত্রী থানচির দুর্গম রেমাক্রী ইউনিয়ন পরিদর্শনে যাবেন। সেখানে রেমাক্রী বাজার প্রাঙ্গণে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক এক মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। এ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর এই সফর স্থানীয় জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।