রিয়াদে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে, বিমানবন্দরে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
২৪ অক্টোবর, ২০২৬ ১০:০৪ এএম
শেয়ার করুন:
রিয়াদে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে, বিমানবন্দরে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক বর্বরোচিত হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর কফিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

মরদেহ পৌঁছানোর পর বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

বিমানবন্দরেই নিহতের পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে মোট ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়। এর মধ্যে মরদেহ দাফন ও যাতায়াত খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং বোর্ডের পক্ষ থেকে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ থেকে তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা) ইতোমধ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা হয়েছে। দূতাবাসের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে অর্থটি পাঠানো হলে খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে শাহেদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও তাঁদের পরিবারের অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। শাহেদের পরিবারের বাকি পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে দূতাবাস সার্বক্ষণিক তদারকি অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।