লম্বা ছুটি শেষে নতুন নিয়মে শুরু শিক্ষা কার্যক্রম

অনলাইন ডেস্কঃ
Mar 29, 2026 - 09:50
লম্বা ছুটি শেষে নতুন নিয়মে শুরু শিক্ষা কার্যক্রম

দীর্ঘ ৩৭ দিনের ছুটি এবং সাপ্তাহিক দুই দিনের ছুটির পর আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। রোজা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ৩৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

বছরের শুরুতেই নির্বাচন, পবিত্র রমজান ও ঈদের কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিয়ে উদ্বেগে ছিলেন অভিভাবকরা। এই ঘাটতি পূরণে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে।

শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ নির্দেশনা জারি করেছে। নতুন নিয়মে ঈদের ছুটির পর থেকে পরবর্তী ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নির্দেশনা আসেনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৫ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠদান শুরুর আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। এ কার্যক্রম কেবল খোলার দিন নয়, বরং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং বাগান পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে বিশেষ কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এ বছর রোজা ও ঈদের ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে অভিভাবকদের রিট এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের আলোকে ১৯ ফেব্রুয়ারি থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটি কার্যকর করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, যা পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়েও একইভাবে কার্যকর রাখা হয়েছিল।

দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীরা পড়াশোনায় পূর্ণ মনোযোগ দেবে এবং নতুন নিয়মে দ্রুত শিখন ঘাটতি কাটিয়ে উঠতে পারবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow