ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কড়া নির্দেশ শ্রমমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
Mar 14, 2026 - 11:54
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কড়া নির্দেশ শ্রমমন্ত্রীর

আসন্ন ঈদের ছুটির আগেই দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা (বোনাস) নিশ্চিতভাবে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে যাতে কোনো অবস্থাতেই জটিলতা বা অসন্তোষের সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে তৈরি পোশাক (আরএমজি) এবং নন-আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসন বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এসব কথা বলেন। শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সভায় শ্রমমন্ত্রী শ্রমিকদের পাওনা দ্রুত বুঝিয়ে দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, এলাকাভিত্তিক ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দেওয়া হবে, যাতে তারা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা নিতে পারেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক মালিকদের ঋণ দিতে গড়িমসি করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। এছাড়া, যেসব শ্রমিক নেতা অহেতুক উসকানি দিয়ে শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বিষয়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। পাশাপাশি পলাতক মালিক ও তাদের প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে সেসব কারখানায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে বলেন মন্ত্রী। যেকোনো সহযোগিতার জন্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করা হবে। এছাড়া কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, পোশাক খাতের বর্তমান চিত্র তুলে ধরে বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান জানান, ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ৯২ শতাংশেরও বেশি কারখানা ফেব্রুয়ারির বেতন এবং ৭২ শতাংশের বেশি কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে। তিনি উল্লেখ করেন, মার্চ মাসের বেতন দেওয়া বাধ্যতামূলক না হলেও সামর্থ্য অনুযায়ী কেউ চাইলে দিতে পারে; তবে এ নিয়ে কিছু মহল শ্রমিকদের উসকে দিচ্ছে। একইভাবে বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম জানান, তাদের ৮৩৪টি কারখানার মধ্যে বেশিরভাগই ইতোমধ্যে বেতন-বোনাস পরিশোধ করেছে। পাওনা বুঝিয়ে দেওয়ায় কোনো ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হবে না বলে তারা আশা প্রকাশ করেন।

শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সভায় একটি 'আপৎকালীন তহবিল' গঠনের প্রস্তাব দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। এই উচ্চপর্যায়ের সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ আসনের মো. তমিজ উদ্দিন, গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান, গাজীপুর-২ এর এম মনজুরুল করিম রনি, গাজীপুর-৩ এর এস এম রফিকুল ইসলাম এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow