মধ্যরাতে ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্কঃ
Mar 11, 2026 - 11:50
মধ্যরাতে ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, এলাকার সব সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই তার এই উদ্যোগ।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি। প্রায় ৪২ মিনিটের এই লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথম তিন সপ্তাহ তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প ও সরকারি সেবাগুলো সম্পর্কে ধারণা নিয়েছেন। 

দেবিদ্বারের প্রধান সমস্যা রাস্তাঘাটের দুরবস্থা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সড়ক ও জনপথ, এলজিইডি এবং পিআইওর অধীনে বেশ কিছু সড়কের কাজ চলছে। পর্যায়ক্রমে সব খারাপ সড়কের উন্নয়ন করা হবে এবং বর্ষার আগেই অনেকগুলো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এ সময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের গুণগত মান বজায় রাখার এবং কাজে ধীরগতি পরিহার করার কঠোর নির্দেশ দেন। 

আসন্ন ঈদ উপলক্ষে দেবিদ্বারে ভিজিএফ কার্ড বরাদ্দের পরিসংখ্যান তুলে ধরে এই সংসদ সদস্য জানান, দেবিদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এসব সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীরাই পান, সে বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের তাগিদ দেন তিনি। এছাড়া কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন ও দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে ‘জবাবদিহি’ নামে একটি ফেসবুক পেজ খোলার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই পেজের মাধ্যমে সরকারি বরাদ্দ, প্রকল্পের অগ্রগতি এবং সহায়তার সব তথ্য জনগণের সামনে নিয়মিত প্রকাশ করা হবে। এই কাজে তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কর্মকর্তাদের প্রতি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি।

লাইভের শেষ পর্যায়ে তিনি জানান, বিদেশ থেকে দেবিদ্বারের জন্য ৩৯ কার্টনে মোট ৩১২ কেজি খেজুর এসেছে। পরিমাণে অল্প হলেও এগুলো ১৫টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় সুষমভাবে বণ্টন করা হবে। এছাড়া আগামী ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্য থেকে উট ও দুম্বার মাংস আসবে জানিয়ে তিনি বলেন, সম্পূর্ণ জবাবদিহির মাধ্যমে এসব সামগ্রীর সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow