ফাগুনের সৌন্দর্য ছড়াচ্ছে নাজিরপুরের মেঠো পথে চোখ জুড়ানো ভাঁটিয়া ফুল

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Mar 9, 2026 - 15:20
Mar 9, 2026 - 15:20
ফাগুনের সৌন্দর্য ছড়াচ্ছে নাজিরপুরের মেঠো পথে চোখ জুড়ানো ভাঁটিয়া ফুল

ফাগুনের সৌন্দর্য ছড়াচ্ছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মেঠো পথে চোখ জুড়ানো ভাঁট ফুল। গ্রাম্য রাস্তার দুই পাশে অযত্নে, অনাদরে ও অবহেলায় বেড়ে ওঠা গ্রাম বাংলার চির পরিচিত বুনো উদ্ভিদ ভাঁটা গাছ। উপজেলার বিভিন্ন সড়ক ও আঁকাবাঁকা গ্রামীণ পথে, আনাচে-কানাচে ফোঁটা সাদা ভাঁট ফুল দেখলে চোখ জুড়িয়ে যায়। অঞ্চল ভেদে ভাঁট ফুল কে ভাইটা ফুল, ঘেটু ফুল, ভাত ফুল, বনজুঁই ফুল, ঘণ্টাকর্ণ বলা হলেও নাজিরপুরে এটি ভাঁটিয়া ফুল নামে বেশি পরিচিত। চৈত্র মাসে এই ফুল ফোটে বলে একে চৈতের ফুলও বলা হয়

পিরোজপুর-নাজিরপুর সড়কের দু’পাশে ভাঁট ফুলের সমারোহ দেখলে মনে হবে প্রকৃতি যেন অপরূপ সাজে সেজেছে। এ ছাড়া উপজেলার সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা চার পাশের বাগানে ভাঁট ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ। এ সমস্ত রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন কিংবা বেড়াতে আসা দর্শনার্থীরাও তা দেখে মুগ্ধ হন

বসন্তের আগমনে পলাশ-শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে ভাঁট ফুল ফোটে। এই ফুল ফাল্গুন ও চৈত্র মাসে দেখা যায়। বিশেষ করে পরিত্যক্ত মাঠ, বন, রাস্তা কিংবা জলাশয়ের পাশে ভাঁট ফুলের গাছ চোখে পড়ে। এর বৈজ্ঞানিক নাম, ক্লেরোডেনড্রাম ভিসকোসাম। ইংরেজি নাম হিল গেন্টারি বোয়ার ফ্লাওয়ার। ভাঁট ফুলের আদি নিবাস ভারত, বাংলাদেশ ও মিয়ানমার অঞ্চলে

এ ভাঁট ফুলের গাছ সাধারণত ২ থেকে ৪ মিটার লম্বা হয়। পাতা ৪ থেকে ৭ ইঞ্চি লম্বা হয়। দেখতে কিছুটা পান পাতার আকৃতির ও খস খসে। ডালের শীর্ষে পুষ্পদন্ডে ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশ্রণ রয়েছে। বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত এ ফুল ফোটে। এই ফুলের রয়েছে মিষ্টি সৌরভ। রাতে বেশ সুঘ্রাণ ছড়ায় এই ফুল। ফুল ফোটার পর মৌমাছিরা ভাঁট ফুলের মধু সংগ্রহ করে।

নাজিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. বাবুল আক্তার বলেন, ভাঁট ফুল এটি দেশি বুনো পুষ্পক উদ্ভিদ। ভাঁট গাছের পাতার রস কৃমি প্রতিরোধেও দারুণ উপকারী।

নাজিরপুর শহীদজিয়া কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, ভাঁট ফুল শুধু সৌন্দর্য গুণেই নয়, মানব দেহের জন্য অনেক উপকার রয়েছে। বিশেষ করে চর্ম রোগীরা ভাঁট ফুলের রস দিনে দুই বার ক্ষত স্থানে মালিশ করলে দ্রুত সেরে যায়। অনেক সময় বিষাক্ত পোকা মাকড় কামড় দিলে এই ভাঁট ফুলের রস করে ক্ষত স্থানে মালিশ করলে ফোলা ও ব্যথা দ্রুত কমে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow