সদরপুরে এসডিসি ও স্মার্ট প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (৮ মার্চ) সদরপুরের যাত্রাবাড়ীস্থ পরিবেশ ক্লাবে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর উদ্যোগে এবং সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART) প্রকল্পের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্মার্ট (SMART) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজি। এ উপলক্ষে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, ফরিদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জহুরুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার পূর্ণেন্দু দাস সজল, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার তড়িত কুমার রায়, পরিবেশ ও আরইসিপি অফিসার মো. মুসফিকুল মুকিত খান এবং সহকারী টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান সজল।
আলোচনা সভায় সফল নারী উদ্যোক্তা পলি বেগম তার জীবনের সংগ্রাম ও সফলতার প্রেরণাদায়ী গল্প উপস্থিত সবার সামনে তুলে ধরেন। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি নারীর আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের গুরুত্ব বর্ণনা করেন। পাশাপাশি, আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এবং নারী অধিকার রক্ষায় এসডিসি-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেন।
সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন কৃষিক্ষেত্রে নারীদের অনস্বীকার্য অবদানের কথা তুলে ধরে বলেন, "দেশের সার্বিক কৃষি উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের দক্ষতা বৃদ্ধি এবং সুযোগ সম্প্রসারণ করা গেলে কৃষি খাতে আরও যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।" এছাড়াও তিনি নারীর ক্ষমতায়নে সমাজের অঙ্গীকার এবং করণীয় বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার এবং একজন সফল নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসডিসি-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন তাদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। আনন্দমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় নারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ