কাপ্তাইয়ে সৌদি পরিবহনের গাড়ির ধাক্কায় প্রাণ গেল টিকিট বিক্রেতা ইলিয়াছের

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৮ নভেম্বর, ২০২৫ ১০:৩০ এএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে সৌদি পরিবহনের গাড়ির ধাক্কায় প্রাণ গেল টিকিট বিক্রেতা ইলিয়াছের

রাঙ্গামাটি–কাপ্তাই–চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় ঢাকাগামী সৌদি পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ির (চট্টমেট্রো–ব ১১-০৬৭৯) ধাক্কায় মো. ইলিয়াছ (৪৫) নামের এক টিকিট বিক্রেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইলিয়াছ কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি এলাকার বাসিন্দা এবং মৃত নুর আহামদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রেতা হিসেবে কাজ করছিলেন।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, রাত সাড়ে ৯টার দিকে ইলিয়াছ কাপ্তাই সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। সে সময় কাপ্তাই জেটিঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সৌদি পরিবহনের গাড়িটির খোলা লকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁকে কাপ্তাই সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, 'হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন।'

ঘটনার পর পুলিশ সৌদি পরিবহনের গাড়িটি জব্দ করেছে। তবে গাড়ির চালক মো. মাহবুব পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।