পার্বত্য লামায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
১৫ এপ্রিল, ২০২৫ ১:৩৩ পিএম
শেয়ার করুন:
পার্বত্য লামায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বান্দরবানের পার্বত্য উপজেলা লামায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার সকাল থেকেই পাহাড়ি পাড়া-পল্লী ও শহরজুড়ে উৎসবমুখর পরিবেশে বৈচিত্র্যময় আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয় জনগণ।

দিনের শুরুতে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় নববর্ষের আনন্দ শোভাযাত্রা। নবীন-প্রবীণ, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় উপজেলা চত্বরে। সেখানে আলোচনা সভা, পান্তা-ইলিশ ভোজ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

উপজেলা চত্বরে ক্ষুদ্র পরিসরে আয়োজন করা হয় বৈশাখী লোকজ মেলার। মেলায় ছিল নাগরদোলা, হস্তশিল্পের স্টল, গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্যের প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন স্থানীয় শিল্পী সংগঠন গান ও নৃত্য পরিবেশন করে।

অন্যদিকে, পার্বত্য অঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ও দিনটিকে ঘিরে তাদের নিজস্ব রীতিতে উদযাপন করে। ঘরে ঘরে চলে সাজসজ্জা, আত্মীয়স্বজনদের আমন্ত্রণ ও খাবারের আয়োজন। মারমা সম্প্রদায় তিনদিনব্যাপী 'সাংগ্রাই' উৎসব পালন করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা আয়োজন করে ‘পানি খেলা’সহ নানা অনুষ্ঠান।

উপজেলা জুড়ে বর্ষবরণের এই উৎসব স্থানীয় জনগণকে এক আনন্দঘন ও ঐক্যবদ্ধ আবহে মেতে ওঠার সুযোগ করে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।