পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১১:২৩ এএম
শেয়ার করুন:
পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির পেছনের অংশ ও বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘আরাফাত পরিবহন’ (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা-ব-১১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি স্ট্যান্ডে পার্কিং করা অবস্থায় হঠাৎ পেছনের আসনে আগুন জ্বলতে দেখেন অন্য বাসের হেলপাররা। মুহূর্তেই তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ জানান, রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি এবং থানা-পুলিশের সদস্যরা। এ সময় স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও আতাউর রাব্বি বলেন, “কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।” বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।