এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এবং আধুনিকতার সমন্বয় ঘটাতে প্রায় ৪৭ বছর পর দলীয় লোগোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু লোগো নয়, একই সঙ্গে নতুন নকশায় তৈরি করা হচ্ছে দলটির প্রাতিষ্ঠানিক প্যাড ও দলীয় পতাকাও।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর পরিচিতি বহন করে আসছে একটি নির্দিষ্ট লোগো। এতে রয়েছে সবুজ গম্বুজ, গম্বুজের ওপর দাঁড়িপাল্লা প্রতীক, ভেতরে আরবি হরফে ‘আল্লাহু’ এবং নিচে ‘আকিমুদ্দিন’ লেখা। তবে বর্তমান এই লোগোটি কবে, কোন সাংগঠনিক ফোরামের আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল—তার সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। এর আগে একবার পরীক্ষামূলকভাবে অন্য একটি লোগো ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও তা সর্বমহলে গ্রহণযোগ্যতা না পাওয়ায় বাদ দেওয়া হয়েছিল। ফলে এবার সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন রূপরেখা চূড়ান্ত করতে চাইছে দলটি।
লোগো পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “পূর্বে নির্বাচনী প্রচারণার সামগ্রী তৈরির সময় বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে কাজের চাপ ও সময়ের স্বল্পতার কারণে তখন আর এগোনো সম্ভব হয়নি। সার্বিক বিষয় বিবেচনা করে তখন প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছিল।”
নতুন লোগোর নকশা ও ভাবনার বিষয়ে দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, বর্তমানে ব্যবহৃত লোগোটি খুবই সাধারণ এবং এর কোনো সুস্পষ্ট ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, “নতুন লোগোর নকশায় আমাদের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন থাকবে। একই সঙ্গে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ভূগোলের বৈশিষ্ট্য, আর্থসামাজিক প্রেক্ষাপট এবং ধারণকৃত ইতিহাস-ঐতিহ্যও এতে গুরুত্ব পাবে।”
লোগো ও পতাকায় জাতীয় আবহ ফুটিয়ে তোলার কথা জানিয়ে দলটির নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, “একদিকে আমাদের নিজস্ব আদর্শ ও দলীয় প্রতীক, অন্যদিকে দেশ, জাতীয় পতাকা ও লাল-সবুজ রং—সবকিছুর চমৎকার একটি সমন্বয় ঘটানোর চেষ্টা করা হবে। শুধু লোগো নয়, দলীয় প্যাড এবং পতাকার নকশায়ও পরিবর্তন আনা হচ্ছে। নতুন লোগো প্রকাশের সময় প্রস্তাবিত দলীয় পতাকাও সবার সামনে তুলে ধরা হবে।”
দলটির লোগো, প্যাড ও পতাকার নতুন নকশা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিকে। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে এই কমিটির প্রধান করা হয়েছে।
নভেম্বর ৮, ২০২৬
আগস্ট ১০, ২০২৬
আগস্ট ১৩, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।