চরভদ্রাসনে র‍্যালি ও মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ৭:২২ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে র‍্যালি ও মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে উপস্থিত জনসাধারণের সচেতনতায় উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দুর্যোগকালীন অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে।

মহড়া শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আশীষ কুমার সাহা এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মো. শাহজাহান সিকদার, মনজুরুল হক মৃধা, গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে পরিবার ও নিজ বাড়ি থেকেই সচেতনতা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সবাইকে সচেতন করার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে এনে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।