আগৈলঝাড়ায় বিভাগের বৃহত্তম দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রেঞ্জ ডিআইজি জুলফিকার আলি হায়দার

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৩ অক্টোবর, ২০২৬ ৭:০৯ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় বিভাগের বৃহত্তম দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রেঞ্জ ডিআইজি জুলফিকার আলি হায়দার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জুলফিকার আলি হায়দার। 

সোমবার সন্ধ্যায় তিনি বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ পূজা মণ্ডপ হিসেবে পরিচিত উপজেলার বারপাইকা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে ডিআইজি মণ্ডপ প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পূজার আয়োজক ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে ডিআইজি জুলফিকার আলি হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। শারদীয় দুর্গাপূজার এই উৎসবকে কেন্দ্র করে আমাদের পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আরও সুদৃঢ় হয়, সে লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” একই সঙ্গে তিনি সবাইকে আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। 

প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে কঠোর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন—বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) সৌমেন্দ্র কুমার বাইন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এবং বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ। 

এ ছাড়া বারপাইকা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি তপন সরকার বিন্দু, সাধারণ সম্পাদক সৈকত বাড়ৈসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।