নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৩ অক্টোবর, ২০২৬ ৫:১৯ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দিদার ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকায় ভুক্তভোগী ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিদারুল আলমের ছত্রচ্ছায়ায় তার আত্মীয়স্বজন ও সহযোগীদের একটি চক্র এলাকায় চুরি, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজি ও মাদক কারবারসহ নানাবিধ অপকর্ম চালিয়ে আসছে। 

সমাবেশে ভুক্তভোগী মাস্টার ব্যাপারী অভিযোগ করেন, তাঁর বন্ধক নেওয়া ৩০ শতক জমি দিদারের ভাগ্নি ও ভগ্নিপতি পরিচয় দেওয়া ব্যক্তিরা জোরপূর্বক দখল করে নিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। 

নুরজাহান নামের আরেক বাসিন্দা অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে কেন্দ্র করে দিদার ও তার সহযোগীরা ইতিপূর্বে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং তাঁকে মারধরও করে। এখন তারা আবারও অনৈতিকভাবে টাকা দাবি করে ভয়ভীতি দেখাচ্ছে। 

আমেনা বেগম নামে চরের এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, "অনেক কষ্টে জঙ্গল ও গাছ কেটে চরের জমি আমরা বসবাসের উপযোগী করেছিলাম। এখন দিদার ও তার বাহিনী সেই জমিও জোরপূর্বক দখল করতে আমাদের ওপর নানা জুলুম-অত্যাচার চালাচ্ছে।" 

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

এদিকে কর্মসূচিতে মোহাম্মদপুর ইউনিয়ন যুবদল নেতা ফারুক মাঝি অভিযোগ করে বলেন, "দিদারুল আলমের নেতৃত্বে নাহিদ, জাবেদ ও হৃদয়সহ একটি চক্র সংঘবদ্ধভাবে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। নিরীহ মানুষ তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এর আগে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে উল্টো মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে হয়রানি করা হয়।"

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা দিদারুল আলম। তিনি বলেন, "সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতির বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদ আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। তারই জেরে ক্ষুব্ধ হয়ে সভাপতির অনুসারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ মানববন্ধন করিয়েছে। আমি এসব অপকর্মের সঙ্গে কোনোভাবেই জড়িত নই।"

এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।