নোয়াখালীতে ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী ও শাশুড়ি আটক

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:৫৫ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী ও শাশুড়ি আটক

নোয়াখালী সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ। 

রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নূরানী মাদ্রাসা মাঠে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

নিহত কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। আটক তানিয়া পূর্ব দুর্গানগর গ্রামের আমির হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জুয়া খেলায় আসক্তিকে কেন্দ্র করে কামালের সঙ্গে তানিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে পাঁচ-ছয় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও সাবেক স্ত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন কামাল। সম্প্রতি তিনি নিজের মেয়েকে দেখতে শ্বশুরবাড়ি এলাকায় আসেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে আশ্রয় না দেওয়ায় তিনি বাড়ির পাশের মোহাম্মদিয়া নূরানী মাদ্রাসা মাঠে ইটের ওপর মাথা রেখে রাত কাটাতেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গত শনিবার তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে কামাল তার সাবেক শ্বশুর আমির হোসেনকে ইট দিয়ে আঘাত করে আহত করেন। এ ঘটনার খবর পেয়ে পরদিন রোববার ঢাকা থেকে বাড়ি আসেন কামালের শ্যালক আকাশ (২০)। এরপর রোববার রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে কামাল ঘুমিয়ে থাকা অবস্থায় তানিয়া, তার মা করফুলের নেছা ও ভাই আকাশ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কামালের ওপর হামলা চালান। 

হামলাকারীরা কামালের পেট, পিঠ, মাথা, হাত ও ঊরুতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে পলাতক শ্যালক আকাশকে আটকের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।