চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত: বাল্যবিয়ে রোধ ও অধিকার সুরক্ষায় গুরুত্বারোপ

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:৩৯ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত: বাল্যবিয়ে রোধ ও অধিকার সুরক্ষায় গুরুত্বারোপ

ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার প্রসার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্রমোহন হালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সাহা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা মনিকা বসু, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর এবং সাংবাদিক মোহাম্মদ মেজবাউদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব। সমাজে বিদ্যমান বৈষম্য দূর করে কন্যাশিশুদের শিক্ষার পথ সুগম করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে পরিবার, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, একটি সুস্থ, সুন্দর ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে তৃণমূল পর্যায় থেকেই সামাজিক সচেতনতা জোরদার করতে হবে। কন্যাশিশুর মেধা ও সম্ভাবনা বিকাশে সর্বস্তরের মানুষকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।