কালকিনিতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

জাহিদ (কালকিনি) মাদারীপুর প্রতিনিধিঃ
১২ অক্টোবর, ২০২৬ ৫:৩৪ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন।

প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, “বর্তমান সরকার ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। তৃণমূল থেকে সংগৃহীত সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতেই পরবর্তীতে নাগরিক সুযোগ-সুবিধা নির্ধারণ করা হবে। মাঠপর্যায় থেকে শতভাগ নির্ভুল তথ্য সংগ্রহ করে সরকারের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের সামগ্রিক তথ্য একটি সমন্বিত কার্ডে সংরক্ষণ করা। এর মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের প্রকৃত চিত্র সরকারের কাছে থাকবে, যা ভবিষ্যতে জনকল্যাণমুখী সঠিক পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।”

অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তি নিরসনে আলোকপাত করে বলেন, ‘ফ্যামিলি কার্ড মানেই তাৎক্ষণিক কোনো আর্থিক প্রণোদনা বা নগদ সহায়তা নয়। এটি মূলত প্রতিটি পরিবারের একটি নির্ভুল সরকারি ডাটাবেজ তৈরি করা। এই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করবে।’

প্রেস কনফারেন্সের শেষ পর্বে উপস্থিত সাংবাদিক ও জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তা। এ সময় কার্যক্রমটি সফল করতে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।